পুবের কলম, ওয়েবডেস্ক: এসএসসি প্রশ্নোত্তর ফাঁসের ঘটনায় তেলেঙ্গানার বিজেপির প্রেসিডেন্ট, সাংসদ বান্দি সঞ্জয়কে আটক করেছে পুলিশ। মঙ্গলবার মধ্যরাতে করিমনগরের বাড়ি থেকে আটক করা হয়েছে এই বিজেপি নেতা বান্দি সঞ্জয়কে।

মঙ্গলবার, ৪ এপ্রিল ওয়ারাঙ্গলে পরীক্ষা শুরু হওয়ার কয়েক মিনিট পরেই এসএসসি'র হিন্দি পরীক্ষার জন্য  ফাঁস হয়েছে বলে অভিযোগ ওঠে। এর আগে ৩ এপ্রিল এসএসসি'র অপর প্রশ্নোত্তর ফাঁসের অভিযোগ উঠেছিল। প্রশ্নোত্তর ফাঁসের খবর সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আনেন প্রাক্তন সাংবাদিক, বিজেপি কর্মী বুরাম প্রশান্ত। মামলার প্রধান অভিযুক্ত বিজেপির সঙ্গে জড়িত থাকায় পুলিশ বান্দি সঞ্জয়কে হেফাজতে নিয়েছে।

তবে বান্দি সঞ্জয়ের আটকের পর পুলিশ এই বিষয়ে এখনও পর্যন্ত বিবৃতি পেশ করেনি। তবে তাকে ডাক্তারি পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে এবং আজ তাকে ওয়ারঙ্গল আদালতে পেশ করা হয়।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর মোদির তেলেঙ্গানা সফরের আগে এই বিজেপি নেতাকে গ্রেফতার নিয়ে রাজনৈতিক মহলে চাঞ্চল্য শুরু হয়েছে। বিজেপি নেতাকে আটক করা নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে থাকেন কর্মীরা। মেডিক্যাল পরীক্ষার জন্য বান্দি সঞ্জয়কে নিয়ে যাওয়ার সময় বাধা দেন বিজেপি কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের বিরুদ্ধে লাঠি চালানোর অভিযোগ উঠেছে।

বিজেপির অভিযোগ, বান্দি সঞ্জয়কে ফাঁসানো হয়েছে। প্রধানমন্ত্রীর সফরের আগে গেরুয়া শিবিরের উপর চাপ বাড়াতে এটি কেসিআর-এর ষড়যন্ত্র। মঙ্গলবার মধ্যরাতে আটক করা হয়েছে বিজেপি সাংসদকে।  সেখান থেকে তাঁকে নালগোন্ডার বোম্মালা রামারাম থানায় নিয়ে যাওয়া হয়েছে।

ঘটনা নিয়ে তেলঙ্গানার বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক প্রেমেন্দর রেড্ডি বলেছেন, বিজেপি রাজ্য সভাপতি বান্দি সঞ্জয়কে কাল মধ্যরাতে আটক করেছে পুলিশ। অবৈধ ভাবে তাঁকে করিমনগরের বাড়ি থেকে আটক করা হয়েছে।  সকালেও তাঁর বিরুদ্ধে কোনও আইনি প্রক্রিয়া শুরু করা হয়নি। কোথায় নিয়ে যাওয়া হয়েছে সঞ্জয়কে? প্রধানমন্ত্রী মোদির তেলঙ্গানা সফরের আগে অসুবিধা সৃষ্টি করার জন্যই এই পদক্ষেপ করেছে।প্রশ্নপত্র ফাঁসের ব্যাপারে কেসিআর সরকারের বিরুদ্ধে কথা বলায় এই পদক্ষেপ করেছে পুলিশ। এই কর্মকাণ্ড ‘গণতন্ত্র’ বিরোধী।”

এই  পদক্ষেপের বিরুদ্ধে রাজ্য জুড়ে প্রতিবাদের হুঁশিয়ারিও দিয়েছেন তেলঙ্গানা বিজেপির সাধারণ সম্পাদক।

প্রসঙ্গত, ৮ এপ্রিল তেলঙ্গানা সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সে দিন তিনি  একটি বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করবেন। তার আগে বিজেপি নেতাকে আটকের ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে।