পুবের কলম, ওয়েবডেস্ক: শনিবার সকালে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে এক ভয়াবহ বোমাতঙ্কের খবর পাওয়া গেছে। কলকাতা থেকে শিলংগামী ইন্ডিগো এয়ারলাইন্সের একটি বিমানে বোমা থাকার খবর মেলায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। নিরাপত্তাজনিত কারণে বিমানটিকে অবিলম্বে আইসোলেশন বে-তে নিয়ে যাওয়া হয় এবং সমস্ত যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়।
সূত্রে জানা গেছে, ইন্ডিগোর ফ্লাইট 6E3074 আজ সকাল ৯:১৫ মিনিটে কলকাতা থেকে মেঘালয়ের শিলংয়ের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। যাত্রীরা বিমানে ওঠার সময় ক্রু মেম্বাররা বিমানের টয়লেটের ভেতরে একটি কাগজ উদ্ধার করেন, যাতে লেখা ছিল বিমানে বোমা রয়েছে।
এই সতর্কবার্তা পাওয়ার পরপরই পাইলট বিমানটিকে সরিয়ে নিয়ে গিয়ে বিমানবন্দরের আইসোলেশন বে-তে স্থাপন করেন। দ্রুত ব্যবস্থা নিয়ে যাত্রীদের বিমান থেকে নামিয়ে আনা হয়। এই মুহূর্তে বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা এবং বম্ব স্কোয়াড বিমানে ব্যাপক তল্লাশি চালাচ্ছে। এই ঘটনা প্রসঙ্গে ইন্ডিগো এয়ারলাইন্সের মুখপাত্র জানিয়েছেন, “১৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে কলকাতা থেকে শিলংগামী ইন্ডিগো 6E 7304 ফ্লাইটে একটি নিরাপত্তাজনিত হুমকি নজরে আসে। স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP) অনুসরণ করে আমরা অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাই এবং প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা চালানোর জন্য তাদের সাথে সম্পূর্ণরূপে সহযোগিতা করছি।”































