পুবের কলম, ওয়েবডেস্ক: ফের উত্তপ্ত বাংলাদেশ। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির মৃত্যুকে কেন্দ্র করে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে। দফায় দফায় বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ ঘটানো হয়। এই পরিস্থিতিতে বাংলাদেশের চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনের বাসভবনে হামলা চালানো হয়েছে। জানা গিয়েছে, শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত্রি দেড়টা নাগাদ ভারতীয় সহকারী হাইকমিশনার ড. রাজীব রঞ্জনের বাসভবন লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয়। ভাঙচুর ও বাসভবন ভেতরে প্রবেশের চেষ্টা করে বিক্ষোভকারী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে কয়েকজন পুলিশ সদস্যসহ একজন আন্দোলনকারী আহত হন। ঘটনাস্থল থেকে ১২ জনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।
পুলিশ সূত্রে খবর, বিক্ষোভকারীরা বাসভবন লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল পরিদর্শন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ। তিনি জানান, ঘটনার সময় ভারতীয় সহকারী হাইকমিশনার তার বাসভবনেই অবস্থান করছিলেন। ঘটনায় জড়িত সন্দেহে ১২ জনকে আটক করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সূত্রের খবর, শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার রাত প্রায় ১০টার দিক থেকে একদল বিক্ষোভকারী ভারতীয় সহকারী হাইকমিশনারের বাসভবনের সামনে জড়ো হতে থাকে। পরে রাত গভীর হলে তারা উত্তেজিত হয়ে ওঠে এবং সহিংসতার চেষ্টা চালায়। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।






























