পুবের কলম, ওয়েবডেস্ক: বাংলায় বালি ও কয়লা পাচার মামলার তদন্তে ফের বড়সড় অভিযানে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। মঙ্গলবার ভোররাত থেকেই রাজ্যে কয়লা ও বালি পাচার মামলার তদন্তে নতুন করে সক্রিয় হয়ে উঠল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এদিন সকাল সাড়ে ৬টা নাগাদ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে দিল্লি, কলকাতা এবং পশ্চিম বর্ধমান জেলার আসানসোল ও দুর্গাপুরের একাধিক ঠিকানায় হানা দেন তদন্তকারীরা।
এদিনের অভিযানে সবথেকে বেশি শোরগোল পড়ে গিয়েছে পশ্চিম বর্ধমানের আসানসোলে। সেখানকার বুদবুদ থানার নবনিযুক্ত অফিসার-ইন-চার্জ (OC) মনোরঞ্জন মণ্ডলের আসানসোলের বাসভবনে তল্লাশি চালায় ইডির একটি দল। সূত্রের খবর, বালি ও কয়লা পাচারের কোটি কোটি টাকার লেনদেনে প্রভাবশালী যোগসূত্র খুঁজতেই এই পুলিশ আধিকারিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর সম্পত্তির খতিয়ান এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথিপত্রও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। তদন্তকারী সংস্থার দাবি, পাচার হওয়া বালি ও কয়লার লভ্যাংশ কোন কোন প্রভাবশালীর কাছে পৌঁছাত এবং কীভাবে সেই কালো টাকা সাদা করা হতো তা নিশ্চিত করতেই এই ‘সিমুলটেনিয়াস রেইড’ বা একযোগে তল্লাশি।































