পুবের কলম, ওয়েবডেস্ক: দেবভূমি উত্তরাখণ্ডের পাহাড়ি পথে ফের বিষাদ। মঙ্গলবার সকালে দেরাদুন জেলার কালসি (Kalsi) এলাকায় একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে যাওয়ার ফলে তিনজনের মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃতদের মধ্যে দুজন মহিলা রয়েছেন। এই ঘটনায় আরও অন্তত সাতজন যাত্রী গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী সূত্রে জানানো হয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে মীনাক রোডের কুয়ানু নামক স্থানের কাছে। মঙ্গলবার সকালে বাসটি পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং রাস্তা থেকে ছিটকে গিয়ে কয়েকশ ফুট গভীর একটি খাদে আছড়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের মতে, পাহাড়ি বাঁক নেওয়ার সময় সম্ভবত যান্ত্রিক গোলযোগ বা চালকের নিয়ন্ত্রণ হারানোর ফলেই এই মর্মান্তিক দুর্ঘটনা।
ঘটনার খবর পাওয়ামাত্রই স্থানীয় পুলিশ এবং এসডিআরএফ (SDRF)-এর বিশেষ উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। পাহাড়ি খাদটি অত্যন্ত গভীর হওয়ায় এবং ভূপ্রকৃতি দুর্গম হওয়ায় উদ্ধারকাজে বেশ বেগ পেতে হয়। দড়ি এবং স্ট্রেচারের সাহায্যে আহতদের উদ্ধার করে ওপরের রাস্তায় তুলে আনা হয়।



























