আইভি আদক, হাওড়া : কালীপূজার চাঁদা তোলার জন্য একজনকে ডাকতে এসে ঘরে অন্য কেউ না থাকার সুযোগে নয় বছরের এক বালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। হাওড়ার লিলুয়ার জগদীশপুর এলাকায় দিন তিনেক আগে ওই ঘটনা ঘটে। বিষয়টি অভিযুক্তের পরিবারের তরফ থেকে মিটমাটের জন্য প্রস্তাব দেওয়া হয়েও নির্যাতিতার পরিবার তাতে রাজি হয়নি। তারা থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। এলাকার মানুষ অভিযুক্তের কঠোর সাজা চেয়ে প্রতিবাদে সরব হন। হাওড়ার জগদীশপুর বকুলতলা কলোনি এলাকার এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায়। ওই বালিকাকে প্রতিবেশী এক যুবক ধর্ষণ করে বলে অভিযোগ। সেই সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই ঘটনা ঘটে। সেইসময় হঠাৎ করেই ঘরে চলে আসেন মেয়েটির মা। তিনি নিজের চোখে ওই যুবককে অপকর্ম করতে দেখেন। এরপর মেয়েটির পরিবার যখন অভিযুক্তের বাড়িতে যান তারা চাপ দেন বিষয়টি মিটিয়ে নিতে। কিন্তু মেয়েটির পরিবার তাতে রাজি না হয়ে স্থানীয় পুলিশ ফাঁড়িতে বিষয়টি জানায়। এরপর প্রশাসন দ্রুততার সঙ্গেই তদন্তে নেমে যুবককে গ্রেফতার করে। (প্রতীকী ছবি)



























