পুবের কলম, ওয়েবডেস্ক: মঙ্গলবার বিকেলে লোকসভার অধিবেশন শুরু হতেই রণক্ষেত্রের চেহারা নেয় সংসদ কক্ষ। দুপুর ৩টে নাগাদ অধিবেশন পুনরায় শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিরোধী জোটের আটজন সংসদ সদস্যকে চলতি অধিবেশনের বাকি সময়ের জন্য বরখাস্ত করা হয়। কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এই সংসদ সদস্যদের বিরুদ্ধে একটি প্রস্তাব পেশ করেন, যা ধ্বনিভোটে পাশ হয়।
ঘটনার সূত্রপাত হয় যখন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী প্রাক্তন সেনাপ্রধান জেনারেল এমএম নারাভানের স্মৃতিকথা থেকে একটি নিবন্ধ উদ্ধৃত করার চেষ্টা করেন। রাহুল গান্ধী দাবি করেন যে, দেশের গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত বিষয়ে সরকারের পদক্ষেপ নিয়ে প্রাক্তন সেনাপ্রধানের বইতে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ রয়েছে।
বিরোধী দলনেতার এই বক্তব্যে আপত্তি জানায় ট্রেজারি বেঞ্চ বা শাসক পক্ষ। শুরু হয় তুমুল বাকবিতণ্ডা। বিরোধীরা ওয়েলে নেমে এসে স্লোগান দিতে শুরু করেন। উত্তেজনার এক পর্যায়ে ক্ষুব্ধ বিরোধী সংসদ সদস্যরা কাগজের টুকরো ছিঁড়ে স্পিকারের আসনের দিকে ছুড়তে থাকেন বলে অভিযোগ। কংগ্রেসের সাংসদ মাণিকম ঠাকুর, হিবি ইডেন, অমরিন্দর সিং রাজা ওয়ারিং, গুরজিৎ আউজলা, কিরণ রেড্ডি, এস ভেঙ্কট রমন, প্রশান্ত পাডোল ও ডিন কুরিয়াকোসকে বরখাস্ত করা হয়েছে।


























