পুবের কলম, ওয়েবডেস্ক: সংরক্ষিত শ্রেণির (SC, ST এবং OBC) কোনো প্রার্থী যদি সাধারণ শ্রেণির (General Category) ‘কাট-অফ’ নম্বরের চেয়ে বেশি নম্বর পান, তবে তাঁকে সাধারণ বা অসংরক্ষিত আসনেই নিয়োগ করতে হবে। শুক্রবার একটি মামলার প্রেক্ষিতে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ ও নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত।

বিচারপতি এম.এম সুন্দেশ এবং বিচারপতি এস.সি শর্মার ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, এটি এখন আইনের একটি প্রতিষ্ঠিত নীতি। আদালত বলেছে, "সংরক্ষিত শ্রেণির একজন প্রার্থী যদি সাধারণ শ্রেণির জন্য নির্ধারিত কাট-অফ নম্বরের চেয়ে বেশি স্কোর করেন, তবে তাঁকে ওপেন ক্যাটেগরি বা অসংরক্ষিত শূন্যপদে যোগ্য প্রার্থী হিসেবে গণ্য করতে হবে।
"

২০২০ সালে কেরালা হাইকোর্ট একটি রায় দিয়েছিল, যেখানে ‘এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া’-কে নির্দেশ দেওয়া হয়েছিল যে সাধারণ তালিকা থেকে মেধাবী সংরক্ষিত প্রার্থীদের বাদ দিয়ে একজন অসংরক্ষিত প্রার্থীকে নিয়োগ করতে। শুক্রবার কেরালা হাইকোর্টের সেই রায়টি খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত স্পষ্ট করে দেয় যে, মেধার ভিত্তিতে কোনো সংরক্ষিত প্রার্থী সাধারণ তালিকায় জায়গা পেলে, সংরক্ষিত আসনের কোটা অটুট থাকবে এবং সেখানে অন্য কোনো সংরক্ষিত প্রার্থী সুযোগ পাবেন।

সুপ্রিম কোর্টের এই নির্দেশের ফলে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে মেধার মূল্যায়ন এবং সংরক্ষণের অধিকারের মধ্যে এক ভারসাম্য রক্ষিত হলো। এর ফলে এখন থেকে যেকোনো সরকারি নিয়োগ প্রক্রিয়ায় মেধাবী ও উচ্চ নম্বরধারী সংরক্ষিত প্রার্থীদের অসংরক্ষিত আসনেই অন্তর্ভুক্ত করতে হবে।