পুবের কলম, ওয়েবডেস্ক: নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে ম্যারাথন বৈঠক শেষে বেরিয়েই বিস্ফোরক অভিযোগ তুললেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। সোমবার কমিশনের সঙ্গে আলোচনার পর তিনি সাফ জানান, পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় ব্যাপক কারচুপি হয়েছে এবং এর ফলে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। 

নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে সাক্ষাতের পর মহম্মদ সেলিম স্পষ্ট ভাষায় জানান, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের নামে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, বিশেষ সংশোধন প্রক্রিয়ার (SIR) আড়ালে সাধারণ মানুষের নাম সুপরিকল্পিতভাবে বাদ দেওয়া হয়েছে।

 সেলিম প্রশ্ন তোলেন, "৬০ লক্ষ ভোটারকে বাদ দিয়ে কীভাবে ভোটার লিস্ট হতে পারে? এটা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। এই সরকারি আধিকারিকদের মাধ্যমেই ভুল তথ্য ঢুকিয়ে দেওয়া হচ্ছে। যারা ইচ্ছাকৃত ভুল করছে, তাদের বিরুদ্ধে কমিশন কী ব্যবস্থা নিচ্ছে, সেই প্রশ্নও তিনি তোলেন।

তালিকায় নাম বাদ পড়ার ফলে বিশেষ করে মতুয়া, আদিবাসী এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত।

 নির্বাচন পরিচালনার পদ্ধতি নিয়েও কমিশনের কাছে নির্দিষ্ট দাবি জানিয়েছে বাম শিবির। মহম্মদ সেলিমের প্রস্তাব, দীর্ঘ সময় ধরে ভোট প্রক্রিয়া চললে জনজীবন বিপর্যস্ত হয় এবং কারচুপির সুযোগ বাড়ে। তাই বামেদের দাবি, খুব বেশি হলে ২ দফায় ভোট শেষ করতে হবে।