রাজ্যে আসার পর থেকেই বিক্ষোভের মুখে পড়ছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। রবিবার রাতে বিমানবন্দর থেকে বেরোনোর সময় যেমন প্রতিবাদ দেখা গিয়েছিল, সোমবার সকালেও সেই ছবি বদলাল না। কালীঘাট মন্দিরে পুজো দিতে গিয়ে আবারও বিক্ষোভের মুখে পড়েন তিনি।
সোমবার সকালে কালীঘাট মন্দিরে পৌঁছতেই কালো পতাকা হাতে একদল বিক্ষোভকারী তাঁকে ঘিরে ধরে ‘ফিরে যান’ স্লোগান দিতে থাকেন। ভোটার তালিকা সংশোধনের সময় বৈধ ভোটারদের নাম বাদ পড়ার অভিযোগ ঘিরেই এই ক্ষোভ বলে জানা গিয়েছে।

বিক্ষোভের মধ্যেই হাসিমুখে মন্দিরে প্রবেশ করেন জ্ঞানেশ কুমার।
মন্দির থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিক্ষোভ নিয়ে কোনও মন্তব্য করেননি তিনি। শুধু বলেন, “পশ্চিমবঙ্গের সব ভাইবোনকে আমার নমস্কার। মা কালী সকলকে ভাল রাখুন।”

এর আগে রবিবার সন্ধ্যায় তিন দিনের সফরে রাজ্যে পৌঁছন মুখ্য নির্বাচন কমিশনার।
বিমানবন্দর থেকে বেরোতেই তাঁকে কালো পতাকা দেখানো হয়। পরে তাঁর গাড়িবহর যখন হোটেলের দিকে যায়, তখন রাস্তার ধারে দাঁড়িয়ে স্লোগান দেন বিক্ষোভকারীরা। নিউটাউনে তাঁর থাকার জায়গার সামনেও বিক্ষোভ হয়েছে বলে অভিযোগ।

সোমবার দিনভর মুখ্য নির্বাচন কমিশনারের একাধিক কর্মসূচি রয়েছে। তাঁর সঙ্গে রয়েছেন নির্বাচন কমিশনার সুখবীর সিংহ সান্ধু এবং বিবেক জোশী।
সকাল দশটা নাগাদ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ প্রতিনিধিদলের বৈঠক হওয়ার কথা।
এরপর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গেও আলোচনা করবেন তাঁরা। পাশাপাশি কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন প্রয়োগকারী সংস্থার প্রধানদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে। রাজ্যের মুখ্যসচিব, পুলিশপ্রধান-সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গেও আলোচনায় বসবেন কমিশনের প্রতিনিধিরা।

ভোটের প্রস্তুতি নিয়ে জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গেও কথা বলবেন তারা। এছাড়া ভোটার তালিকা সংক্রান্ত দায়িত্বে থাকা কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করার কর্মসূচি রয়েছে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ প্রতিনিধিদলের।