পুবের কলম ওয়েব ডেস্কঃ প্রথম দফার ভোট মোটের ওপর নির্বিঘ্নেই কেটেছে। আর ভোট দানের হারের নিরিখে এবার সর্বকালের রেকর্ড ছাপিয়ে গিয়েছে। নির্বাচন কমিশনের তথ্য বলছে, প্রথম দফায় বঙ্গে ভোট পড়েছে ৯১.৭৪ শতাংশ। অন্যাদিকে, তামিলনাড়ুতে ভোট পড়েছে ৮৪.৬৯ শতাংশ। স্বাধীনতার পর এই প্রথম এত ব্যাপক হারে ভোট পড়েছে বলেই জানিয়েছে নির্বাচন কমিশন।
এর জন্য ভোটারদের স্যালুট জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।আরও পড়ুন:
প্রথম দফার ভোট শেষ হতেই জ্ঞানেশ কুমার বলেছেন, বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে স্বাধীনতার পর সর্বোচ্চ সংখ্যক ভোটার উপস্থিত হওয়ায় ভারতের গণতান্ত্রিক ব্যবস্থা সগৌরবে জেগে উঠেছে। এই বিপুল অংশগ্রহণের জন্য ভোটারদের প্রশংসা করে প্রধান নির্বাচন কমিশনার। তিনি এই সংখ্যাবৃদ্ধিকে গণতান্ত্রিক মূল্যবোধের এক শক্তিশালী স্বীকৃতি বলে অভিহিত করেছেন। তিনি বলেন, "স্বাধীনতার পর পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে এ যাবৎকালের সর্বোচ্চ ভোটদানের হার।
নির্বাচন কমিশন প্রত্যেক ভোটারকে স্যালুট জানায়।" এর পাশাপাশি ভোট গ্রহণ শেষ হতেই এদিন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে ফোন করেন জ্ঞানেশ কুমার।আরও পড়ুন:
উল্লেখ্য, প্রথম দফায় ভোট দানের নিরিখে সবচেয়ে এগিয়ে রয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা। এই জেলায় ভোট পড়েছে ৯৪.৮৫ শতাংশ। এছাড়া, কোচবিহারে ৯৪.৫৪শতাংশ, বীরভূমে ৯৩.৭০শতাংশ, জলপাইগুড়িতে ৯৩.২৩ শতাংশ এবং মুর্শিদাবাদে ৯২.৯৩ শতাংশ ভোট পড়েছে।