পুবের কলম ওয়েবডেস্কঃ বিবেচনাধীন নামের নিস্পত্তি করে ফেলেছে নির্বাচন কমিশন। তাতে বাদ পড়েছে কয়েক লক্ষ ভোটারের নাম । যদিও ট্রাইব্যুনাল এখনও গঠিত হয়নি। ফলে বাদ পড়া বৈধ ভোটাররা আদৌ ভোট দিতে পারবে কি না তানিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। এছাড়া, ট্রাইব্যুনাল নিয়ে সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়েছে নির্বাচন কমিশন।

এই পরিস্থিতিতে রাজ্যের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে কমিশন। জানা যাচ্ছে এই বৈঠকে নেতৃত্ব দিতে পারেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। 
সূত্রের খবর, আগামীকাল এই বৈঠক হতে চলেছে রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, সমস্ত পর্যবেক্ষক, জেলা শাসক ও পুলিশ সুপারদের নিয়ে। এছাড়াও থাকবেন, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। জানা যাচ্ছে, ভোটের প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে সে বিষয়ে খোঁজ নিতে পারেন নির্বাচন কমিশনার।
এছাড়াও, ট্রাইব্যুনাল গঠন, মোথাবাড়ি কাণ্ডের অগ্রগতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। 
উল্লেখ্য, এসআইআরে নাম বাদ যাওয়ার প্রতিবাদে গত পয়লা এপ্রিল উত্তপ্ত হয়ে ওঠে মালদার কালিয়াচক। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়। বিচারকদের কালিয়াচক ২ বিডিও অফিসে আটকে রাখেন বিক্ষোভকারীরা। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
সেই ঘটনায় তদন্তে নামে এনআইএ। মামলা গড়ায় সুপ্রিম কোর্টের। এনআইএ রিপোর্ট জমা দেয়। সুপ্রিম কোর্ট রাজ্য প্রশাসনের ভুমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে। ট্রাইব্যুনালের ভুমিকা নিয়েও প্রশ্ন ওঠে আদালতে। এই পরিস্থিতিতে বুধবারের বৈঠক তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।