পুবের কলম, ওয়েবডেস্ক: দিল্লি হিংসা ষড়যন্ত্র মামলায় অবশেষে সাময়িক স্বস্তি পেলেন প্রাক্তন ছাত্রনেতা শারজিল ইমাম। সোমবার তাঁকে দশ দিনের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে দিল্লির কারকারদুমা আদালত। অতিরিক্ত দায়রা বিচারক সমীর বাজপেয়ী এই নির্দেশ দিয়েছেন। আগামী ২০ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত তিনি জেলের বাইরে থাকতে পারবেন।
জানা গেছে, ছোট ভাইয়ের বিয়ে এবং অসুস্থ মায়ের পাশে থাকার জন্যই এই অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছে।
এ ছাড়া মামলার সঙ্গে যুক্ত কোনও সাক্ষীর সঙ্গে যোগাযোগ করাও তাঁর জন্য নিষিদ্ধ বলে আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, ২০২০ সালের ফেব্রুয়ারিতে নাগরিকত্ব সংশোধনী আইন ও জাতীয় নাগরিক পঞ্জি বিরোধী আন্দোলনের সময় উত্তর-পূর্ব দিল্লিতে যে হিংসা ছড়িয়ে পড়েছিল, তার পিছনে বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের অধীনে শরজিল ইমামকে গ্রেপ্তার করা হয়েছিল। ওই বছরের জানুয়ারি থেকেই তিনি কারাগারে রয়েছেন।
চলতি বছরের ৫ জানুয়ারি তাঁর এবং ছাত্রনেতা উমর খালিদ-এর নিয়মিত জামিনের আবেদন খারিজ করে দেয় দেশের শীর্ষ আদালত। তবে পারিবারিক কারণেই এই বিশেষ অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছে শরজিলকে। এর আগে গত ডিসেম্বর মাসে বোনের বিয়ের জন্য একই ধরনের সাময়িক জামিন পেয়েছিলেন উমর খালিদ।