পুবের কলম, ওয়েবডেস্ক: ভোটার তালিকা সংশোধন নিয়ে বিতর্কের মাঝেই আবারও শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন আবেদনকারীরা। বৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগ তুলে নতুন করে মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় আইনজীবী ও তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার প্রার্থী মেনকা গুরুস্বামী দাবি করেছেন, প্রয়োজনীয় নথি থাকা সত্ত্বেও বহু ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তিনি আদালতের কাছে অনুরোধ জানিয়েছেন, এই মামলাটি যেন সংশ্লিষ্ট মূল মামলার সঙ্গে যুক্ত করে শোনা হয়।

সম্ভাবনা রয়েছে, মঙ্গলবারই এ বিষয়ে শুনানি হতে পারে।
 
গত ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। সেই তালিকায় দেখা যায়, প্রায় ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন রয়েছে এবং প্রায় ৬০ লক্ষ নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী।
প্রতিবাদে ধর্মতলায় ধর্নাতেও বসেছেন তিনি।
আদালতে মেনেকা গুরুস্বামী অভিযোগ করেন, আগে ভোট দিয়েছেন এমন বহু নাগরিকের নামও তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এবং অনেক ক্ষেত্রেই তাদের নথি গ্রহণ করা হয়নি। এ নিয়ে বিচারপতি জানান, এইভাবে আলাদা করে মামলাটি শোনা সম্ভব নয়। এর পরই মেনেকা গুরুস্বামী মূল মামলার সঙ্গে এই আবেদনটি যুক্ত করার অনুরোধ জানান। জানা গেছে, প্রধান বিচারপতি সূর্যকান্ত-এর বেঞ্চে মঙ্গলবার মূল মামলার সঙ্গেই বিষয়টি শোনা হতে পারে।