পুবের কলম, ওয়েবডেস্ক: ধর্নার চতুর্থ দিনে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেসের নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মতলার ধর্নামঞ্চ থেকে তিনি দাবি করেন, বিজেপির পক্ষ থেকে ধর্নাস্থলের আশপাশে লিফলেট বিলি করা হচ্ছে। এমনকি এ কাজ একটি সংস্থাকে দিয়ে করানো হচ্ছে বলেও অভিযোগ তোলেন তিনি। মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন, যারা এই কাজ করছে তাদের হাতেনাতে ধরতে হবে। একই সঙ্গে মন্ত্রী Shashi Panja-কে দ্রুত অভিযোগ দায়ের করার নির্দেশও দেন তিনি।

পাশাপাশি ধর্নামঞ্চের আশপাশে নজরদারি বাড়ানোর কথাও বলেন।
 
ভোটার তালিকা সংশোধনের নামে লক্ষ লক্ষ বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে ধর্মতলায় ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী। টানা কয়েক দিন ধরে সেখানেই অবস্থান করছেন তিনি। সোমবার সকালে ধর্নামঞ্চ থেকেই বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ তোলেন। মমতার কথায়, “ধর্নামঞ্চের কাছে বিজেপি লিফলেট বিলি করাচ্ছে।
এদের হাতেনাতে ধরতে হবে। যারা ভোট চুরি করছে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে হবে। এখানে তাদের ঢোকার অধিকার নেই।”
 
তিনি আরও বলেন, ধর্নাস্থলের আশপাশে সবাইকে সতর্ক থাকতে হবে এবং সন্দেহজনক কিছু দেখা গেলে সঙ্গে সঙ্গে জানাতে হবে। এরপরই ধর্মতলা চত্বরে তল্লাশি চালিয়ে একজনকে হাতেনাতে ধরা হয়েছে বলে জানা যায়। স্থানীয় একটি দোকান থেকেও বিজেপির ‘ব্রিগেড চলো’ লেখা লিফলেট উদ্ধার হয়েছে বলে অভিযোগ।