চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি জানিয়েছেন, দেশের মাটি ও জল রক্ষায় সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে। জনগণের ঐক্যবদ্ধ অংশগ্রহণের মাধ্যমেই শত্রুকে এক ইঞ্চি জমিও দখল করতে দেওয়া হবে না।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত বক্তব্যে তিনি বলেন, ইরান প্রতিবেশী ভ্রাতৃপ্রতিম দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়। কিন্তু শত্রু দেশগুলো বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে।


তিনি আরও বলেন, অন্য কোনো দেশের ভূখণ্ড ব্যবহার করে ইরানের ওপর হামলা চালানো হলে তার জবাব দিতে তেহরান বাধ্য হচ্ছে। তবে এর অর্থ এই নয় যে সংশ্লিষ্ট দেশের সঙ্গে ইরানের সরাসরি কোনো বিরোধ রয়েছে।
প্রেসিডেন্টের বক্তব্য অনুযায়ী, যারা ইরানের বিরুদ্ধে আক্রমণ চালাবে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে দেশটি এবং শক্ত জবাব দেওয়া হবে।
ভাষণে তিনি দেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তাঁর কথায়, দেশের মাটি ও জল রক্ষার দায়িত্ব সবার। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ইরান তার এক ইঞ্চি জমিও শত্রুর হাতে যেতে দেবে না।