পুবের কলম, ওয়েবডেস্ক: পশ্চিম এশিয়ার অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি জানান, পশ্চিম এশিয়ায় চলমান সামরিক সংঘাত ও যুদ্ধের পরিস্থিতিতে ভারত গভীর উদ্বিগ্ন এবং এই সমস্যার সমাধান কেবল আলোচনা ও কূটনৈতিক পথেই সম্ভব।
ইরান ও ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং পশ্চিম এশিয়ার বিভিন্ন প্রান্তে চলা বিমান হামলার প্রেক্ষিতে বিদেশমন্ত্রী জানান, কেন্দ্রীয় সরকার পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। তিনি বলেন, “ভারত সর্বদা শান্তি ও স্থিতিশীলতার পক্ষধর। আমরা চাই পশ্চিম এশিয়ার বর্তমান সঙ্কটের সমাধান আলোচনা ও গঠনমূলক কূটনীতির মাধ্যমে হোক।
পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে ১ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে মন্ত্রী সভায় একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এবিষয়ে বিদেশমন্ত্রী জানান, বৈঠকে ইরান এবং তৎসংলগ্ন উপসাগরীয় দেশসমূহ হওয়া বিমান হামলা ও তার প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পশ্চিম এশিয়ায় বসবাসকারী কয়েক লক্ষ ভারতীয় নাগরিক ও পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে বৈঠকে গভীর উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নিজে পরিস্থিতির ওপর সর্বক্ষণ নজর রাখছেন এবং সংশ্লিষ্ট মন্ত্রকগুলিকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন।
জয়শঙ্কর বলেন, যুদ্ধের ফলে কেবল ভূ-রাজনৈতিক অস্থিরতা নয়, বিশ্ব অর্থনীতি এবং বিশেষ করে ভারতের শক্তি নিরাপত্তার ক্ষেত্রেও বড় চ্যালেঞ্জ তৈরি হতে পারে। ওই অঞ্চলে আটকে পড়া ভারতীয়দের নিরাপদে দেশে ফিরিয়ে আনা বা তাঁদের সুরক্ষা নিশ্চিত করা।