পুবের কলম, কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বাংলায় এসে পৌঁছেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় বৈঠকের পর, সোমবার রাজ্যের প্রশাসনিক ও পুলিশ কর্তাদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এই বৈঠকে কার্যত ধমক দিলেন তিনি। স্পষ্ট জানিয়ে দিলেন, নির্বাচন পরিচালনার ক্ষেত্রে কোনো গাফিলতি বরদাস্ত করা হবে না।
 
বৈঠকে রাজ্যের জেলাশাসক এবং পুলিশ কমিশনারদের উদ্দেশে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার কড়া নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, “জেলাশাসক হোন বা পুলিশ কমিশনার, দায়িত্ব পালনে ব্যর্থ হলে কাউকে রেয়াত করা হবে না।” রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কমিশন যে অত্যন্ত উদ্বিগ্ন, তা এদিন স্পষ্টভাবে ফুটে উঠেছে কমিশনারের কথায়। তিনি প্রশ্ন তোলেন, “ভোটের সময় বাংলায় এত হিংসা কেন হয়?”
 
কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোট প্রক্রিয়া চলাকালীন প্রতিটি জেলায় কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি বিশেষ পর্যবেক্ষক দল মোতায়েন করা হবে। সাধারণ মানুষের ভোটাধিকার যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, তা নিশ্চিত করতে কমিশন এবার বিন্দুমাত্র আপস করতে রাজি নয়।