পুবের কলম, কলকাতা: রাজ্যপাল পদ থেকে সিভি আনন্দ বোসের আচমকা ইস্তফার পর সেই শূন্যস্থানে নিযুক্ত হয়েছেন আর এন রবি। তামিলনাড়ুর প্রাক্তন এই রাজ্যপাল আগামীকাল, বুধবারই রাজ্যে আসছেন বলে রাজভবন সূত্রে খবর। কলকাতায় পৌঁছানোর পর রাজভবনে আর এন রবির শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে বলে খবর।
 
গত বৃহস্পতিবার দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন সিভি আনন্দ বোস। সাড়ে তিন বছরের কার্যকাল শেষ হওয়ার আগেই তাঁর এই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়।

এরপরই কেন্দ্র সরকারের তরফে পরবর্তী রাজ্যপাল হিসেবে আর এন রবির নাম ঘোষণা করা হয়। এর আগে নাগাল্যান্ড এবং তামিলনাড়ুর রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
 
রাজ্যপালের এই পরিবর্তন নিয়ে ইতিমধ্যেই সরগরম বাংলার রাজনীতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আকস্মিক পদত্যাগে বিস্ময় প্রকাশ করেছেন। তাঁর অভিযোগ, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর তোয়াক্কা না করে একতরফাভাবে এই নিয়োগ করা হয়েছে। অন্যদিকে, বিজেপি নেতৃত্বের দাবি— এটি একটি প্রশাসনিক প্রক্রিয়া এবং নতুন রাজ্যপালের হাত ধরে রাজ্যে সাংবিধানিক মর্যাদা আরও সুদৃঢ় হবে।