বাংলাদেশের ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যাকাণ্ডে অন্যতম প্রধান অভিযুক্ত ফয়সাল মাসুদ করিমকে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ কর্মদল। তাঁর সঙ্গে ধরা পড়েছেন সহযোগী আলমগীর শেখও। বাংলাদেশের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দেওয়া অভিযোগপত্রে এই দু’জনকে প্রধান অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছিল।
পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ কর্মদল জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বনগাঁ সীমান্ত এলাকার একটি গোপন আস্তানায় হানা দিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।

 

তদন্তকারীদের দাবি, বাংলাদেশে তোলাবাজি ও খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এই দুই ব্যক্তি সেখানে আত্মগোপন করে ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সুযোগ পেলেই তাঁরা সীমান্ত পেরিয়ে আবার বাংলাদেশে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন। সেই আশঙ্কার ভিত্তিতেই অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।
শনিবার গভীর রাতে দুই বাংলাদেশি নাগরিককে আটক করা হয় বলে জানিয়েছে বিশেষ কর্মদল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা জানিয়েছেন, হাদিকে হত্যা করার পর তাঁরা অবৈধভাবে মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। পরে বনগাঁ এলাকায় এসে লুকিয়ে থাকেন। তাঁদের পরিকল্পনা ছিল আবার বাংলাদেশে ফিরে যাওয়ার, কিন্তু তার আগেই ধরা পড়েন।
ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে পেশ করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

এদিকে কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপ-হাইকমিশন এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনার খবর প্রকাশ্যে আসার পর তারা স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছে। পাশাপাশি ধৃতদের সঙ্গে সাক্ষাতের জন্য কূটনৈতিক অনুমতি চেয়ে নয়াদিল্লির কাছে আবেদনও জানানো হয়েছে।