পুবের কলম, কলকাতা: মধ্যপ্রাচ্যজুড়ে ক্রমবর্ধমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়ল কলকাতার আন্তর্জাতিক বিমান পরিষেবায়। নিরাপত্তার খাতিরে এবং আকাশপথ ব্যবহারে বিধিনিষেধের কারণে কলকাতা থেকে মধ্যপ্রাচ্যগামী এবং সেখান থেকে কলকাতামুখী একাধিক আন্তর্জাতিক উড়ান বাতিল করা হয়েছে। এর ফলে সোমবার সকাল থেকেই নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে চরম অনিশ্চয়তা ও দুর্ভোগের মুখে পড়েছেন শত শত যাত্রী।
আরও পড়ুন:
আরও পড়ুন:
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্যপ্রাচ্যের আকাশসীমায় সৃষ্ট উত্তেজনার কারণে আন্তর্জাতিক বিমান চলাচল সংস্থাগুলো বাড়তি সতর্কতা অবলম্বন করছে। অনেক ক্ষেত্রে বিমানগুলোকে বিকল্প দীর্ঘ পথ দিয়ে যাতায়াত করতে হচ্ছে, যা জ্বালানি ও সময়ের নিরিখে ব্যয়বহুল হয়ে দাঁড়াচ্ছে। উড়ান বাতিলের জেরে বিমানবন্দরে অনেক যাত্রীই আটকে পড়েছেন। বিশেষ করে যারা ইউরোপ বা আমেরিকায় যাওয়ার জন্য দুবাই বা দোহাকে সংযোগকারী হিসেবে ব্যবহার করেন, তারা সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন।