পুবের কলম, ওয়েবডেস্ক: রাজস্থানের আলওয়ার জেলায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবারের ৫ জন। বুধবার রাতে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়ের মৌজপুর সংলগ্ন এলাকায় একটি চলন্ত সিএনজি গাড়িতে আচমকা আগুন লেগে যাওয়ায় এই বিপর্যয় ঘটে। মৃতদের মধ্যে তিনজন মহিলা, একজন পুরুষ এবং এক নাবালিকা রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্তরা সকলেই মধ্যপ্রদেশের শেওপুর জেলার বাসিন্দা। তাঁরা জম্মুর বৈষ্ণোদেবী দর্শন করে বাড়ি ফিরছিলেন।

বুধবার রাতে মৌজপুরের কাছে তাঁদের চলন্ত গাড়িটিতে আচমকা আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে লেলিহান শিখা পুরো গাড়িটিকে গ্রাস করে ফেলে। ডেপুটি সুপারিন্টেনডেন্ট অফ পুলিশ কৈলাশ জিন্দাল জানিয়েছেন, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে গাড়িতে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। গাড়িটি সিএনজি চালিত হওয়ায় আগুন অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়ে। ফলে যাত্রীরা গাড়ি থেকে বেরোনোর সামান্য সুযোগটুকুও পাননি।
মাত্র ১৫ মিনিটের মধ্যে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে গাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে গাড়ি থেকে শুধুমাত্র কঙ্কাল ও দেহাংশ উদ্ধার করা সম্ভব হয়েছে। মৃতদেহগুলি চেনার উপায় না থাকায় পুলিশ ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে। দেহাংশগুলি বর্তমানে সংরক্ষিত রাখা হয়েছে।

গাড়ির চালক বিনোদ কুমার মেহর কোনোক্রমে চলন্ত গাড়ি থেকে লাফ দিয়ে প্রাণে বাঁচলেও তাঁর শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গিয়েছে।

তাঁকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে এবং পরে উন্নত চিকিৎসার জন্য জয়পুরে স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। অতিরিক্ত পুলিশ সুপার প্রিয়াঙ্কা রঘুবংশী জানিয়েছেন, পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। ফরেনসিক দল ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করছে যাতে আগুনের প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতদের পরিবারে।