পুবের কলম, ওয়েবডেস্ক: বঙ্গে দ্বিতীয় দফার ভোটের আগে আলোচনার কেন্দ্রে উত্তরপ্রদেশের দুঁদে আইপিএস অফিসার অজয় পাল শর্মা। যোগীরাজ্যের এই ‘এনকাউন্টার স্পেশালিস্ট’ বর্তমানে দক্ষিণ ২৪ পরগনা জেলার পুলিশ পর্যবেক্ষকের দায়িত্বে। ফলতায় তৃণমূল প্রার্থীর পরিবারকে তাঁর দেওয়া ‘হুঁশিয়ারি’ ঘিরে শোরগোল শুরু হতেই, এবার পাল্টা ময়দানে নামলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। আইপিএস অফিসারের একটি পুরনো ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ।
জানা যায়, সোমবার ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে হাজির হন অজয় পাল শর্মা। সেখানে প্রার্থীর পরিবারের সদস্যদের উদ্দেশে তাঁকে বলতে শোনা যায়, “সবাই কান খুলে শুনে রাখুন, কোনো ঝামেলা করলে এমন চিকিৎসা করব না যে কেঁদেকেটেও লাভ হবে না। ওকে (জাহাঙ্গির) বলে দেবেন, আমি সব খবর নেব।” এই ভিডিও ভাইরাল হতেই তৃণমূল দাবি করে, যোগীরাজ্যের এই অফিসার পক্ষপাতদুষ্ট আচরণ করছেন।
মঙ্গলবার অজয় পাল শর্মার একটি ভিডিও এক্স হ্যান্ডেলে শেয়ার করেন মহুয়া মৈত্র। ভিডিওটিতে জনৈক মহিলার সঙ্গে পুলিশ অফিসারকে নাচে-গানে মত্ত থাকতে দেখা গিয়েছে। ওই পোস্টে মহুয়া লেখেন, “দেখে ভালো লাগছে যে আপনি ফান্টা স্টাইলে ফূর্তি করতে ব্যস্ত। ‘ফেয়ার অ্যান্ড লাভলি বাবুয়া’, ঠান্ডা ঠান্ডা কুল কুল থাকুন। মনে রাখবেন, বাংলায় সবসময়ে তৃণমূল।” অন্য একটি পোস্টে তিনি কটাক্ষ করে লেখেন, “আশা করি নাচের চেয়ে আপনি নিজের পেশায় অর্থাৎ পুলিশিতে বেশি দক্ষ।” তৃণমূলের পক্ষ থেকে এই অফিসারের বিরুদ্ধে অতীতে ওঠা টাকার বিনিময়ে পোস্টিং এবং নারীদের সঙ্গে প্রতারণার অভিযোগগুলিও ফের সামনে আনা হয়েছে।
মহুয়া মৈত্রের এই আক্রমণকে সমর্থন জানিয়েছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ইন্ডিয়া জোটের শরিক অখিলেশ যাদব। তিনি বিষয়টিকে উত্তরপ্রদেশের জন্য ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন। অখিলেশের মতে, একজন পুলিশ অফিসারের এই ধরণের ভিডিও বিজেপির ঘনিষ্ঠ মহলের মহিলাদের প্রতি অসম্মানের চূড়ান্ত নিদর্শন।