পুবের কলম ওয়েব ডেস্ক: ফলতা বিধানসভায় একাধিক বুথে ইভিএমে কারচুপির অভিযোগকে কেন্দ্র করে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল স্পষ্ট জানিয়েছেন, অভিযোগ সত্যি প্রমাণিত হলে শুধু নির্দিষ্ট বুথ নয়, প্রয়োজনে গোটা ফলতা বিধানসভা কেন্দ্রেই পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ইতিমধ্যেই পর্যবেক্ষকদের পাঠানো রিপোর্ট খতিয়ে দেখা শুরু করেছে কমিশন।
মনোজ আগরওয়াল জানান, যেসব বুথ থেকে অভিযোগ এসেছে, সেখানকার ভিডিও নজরদারি, ওয়েব সম্প্রচার এবং পর্যবেক্ষকদের রিপোর্ট সবকিছু বিস্তারিতভাবে পরীক্ষা করা হচ্ছে।

তাঁর কথায়, অনিয়মের ঘটনায় কমিশনের অবস্থান সম্পূর্ণ জিরো টলারেন্সের। কোথাও সামান্য গরমিল ধরা পড়লেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, শুধু বর্তমানে চিহ্নিত বুথ নয়, পরে অন্য কোথাও একই ধরনের অভিযোগ সামনে এলেও পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
কমিশন সূত্রে জানা গিয়েছে, ফলতা কেন্দ্রের ২৫২, ২৩৫, ২২৬, ১৮৬ এবং ২৪১ নম্বর বুথে ভোটযন্ত্রে সুগন্ধি লাগানো বা টেম্পারিংয়ের অভিযোগ উঠেছে।
এই ঘটনায় ইতিমধ্যেই বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে। কমিশনের দাবি, তদন্তে অভিযোগের সত্যতা মিললে ওইসব বুথে পুনরায় ভোটগ্রহণ করা হবে। একই ধরনের অভিযোগ উঠে এসেছে মগরাহাট থেকেও। সূত্রের খবর, পুনর্নির্বাচন হলে তা আগামীকাল অথবা তার পরের দিন অনুষ্ঠিত হতে পারে।

এদিন সকাল পর্যন্ত ভোটপর্ব মোটামুটি শান্ত থাকলেও বেলা বাড়তেই ফলতার একাধিক বুথে উত্তেজনা ছড়াতে শুরু করে। কয়েকটি জায়গায় ভোটযন্ত্রে টেপ লাগানো অবস্থায় পাওয়া যায় বলে অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিছু এলাকায় কেন্দ্রীয় বাহিনীকে লাঠিচার্জ করতেও দেখা যায়।
এই প্রসঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিক বলেন, পরিস্থিতি অনুযায়ী কেন্দ্রীয় বাহিনী ব্যবস্থা নিতেই পারে। আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজন হলে লাঠিচার্জ করা হবে। একইসঙ্গে তিনি জানান, যেসব ভোট ইতিমধ্যেই পড়ে গিয়েছে, সেগুলি বাতিল করা সম্ভব নয় বলেই পুনর্নির্বাচনের পথে হাঁটতে হতে পারে কমিশনকে।