সফিকুল ইসলাম (দুলাল): ভোটের দিন তালিকা বিভ্রাটের জেরে ভোটাধিকার থেকে বঞ্চিত হয়ে চোখের জল ফেলতে দেখা গেল এক প্রবীণ নাগরিককে। রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো পূর্ব বর্ধমানেও ভোটার তালিকার গরমিল নিয়ে বিস্তর অভিযোগ উঠেছে। বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও বহু মানুষ এবার ভোট দিতে পারেননি বলে জানা গিয়েছে। এই ঘটনার মর্মস্পর্শী চিত্র সামনে এসেছে আউশগ্রাম বিধানসভা কেন্দ্রের পুবার গ্রামের ২৪ নম্বর বুথে। সেখানে ৭৬ বছর বয়সী মহম্মদ শহিদুল্লা শেখকে বুথের বাইরে অসহায়ভাবে বসে থাকতে দেখা যায়।
দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় ধরে নিয়মিত ভোট দিয়ে আসা এই প্রবীণ ভোটার এবার ভোট দিতে গিয়ে জানতে পারেন, তাঁর নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে গেছে। হাতে বৈধ ভোটার কার্ড থাকা সত্ত্বেও তাঁকে ভোট দিতে দেওয়া হয়নি।শহিদুল্লা শেখ জানান, ‘২০২৪ সালের লোকসভা নির্বাচনেও তিনি ভোট দিয়েছেন। কিন্তু ২০২৬ সালের এই গুরুত্বপূর্ণ নির্বাচনে এসে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে, তা তিনি কল্পনাও করতে পারেননি।’ রুদ্ধকণ্ঠে তিনি বলেন, ‘আজ আমার গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হল।’
শুধু তিনিই নন, একই বুথ এলাকায় প্রায় কুড়ি জন ভোটার একই সমস্যার সম্মুখীন হন। তাদের মধ্যে নবীন ও প্রবীণ উভয়ই রয়েছেন। ভোটার তালিকায় নাম না থাকায় কাউকেই ভোট দিতে দেওয়া হয়নি। এর প্রতিবাদে ক্ষুব্ধ ভোটাররা বুথের বাইরে বসে মৌন অবস্থান শুরু করেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিষয়টি প্রশাসনের নজরে এসেছে এবং তদন্ত শুরু হয়েছে। তবে ভোটের মতো গুরুত্বপূর্ণ দিনে এমন বিভ্রাট গণতান্ত্রিক ব্যবস্থার উপর আস্থায় বড় ধাক্কা বলে মনে করছেন অনেকেই।