পুবের কলম, ওয়েবডেস্ক: রাজ্যে দুই দফার নির্বাচন মোটের উপর শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এখন অপেক্ষা আগামী সোমবার, ৪ মে-র ফলাফল ঘোষণার। কিন্তু ভোট গণনা শুরুর কয়েক দিন আগেই নির্বাচন কমিশনের একগুচ্ছ সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে দায়ের হলো জোড়া মামলা। তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য এই মামলাগুলি দায়ের করেছেন।
আরও পড়ুন:
নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে, গণনা কেন্দ্রে সুপারভাইজার হিসেবে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মচারীদেরই নিয়োগ করা হবে। কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধেই আদালতের দ্বারস্থ হয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, রাজ্য সরকারি কর্মীদের বাদ দিয়ে শুধুমাত্র কেন্দ্রীয় কর্মীদের নিয়োগের এমন সিদ্ধান্ত কমিশন নিতে পারে না। এই নির্দেশিকার আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলে আজই হাইকোর্টের হস্তক্ষেপ দাবি করেছেন তিনি।
আরও পড়ুন:
অন্যদিকে, দ্বিতীয় মামলাটি দায়ের করেছেন আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য। তাঁর অভিযোগ, কোনো পূর্ব ঘোষণা ছাড়াই কমিশন হঠাৎ করে গণনাকেন্দ্রের স্থান পরিবর্তন করছে। শেষ মুহূর্তে এই ধরণের রদবদল কেন করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। জানা গিয়েছে, হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও-এর এজলাসে আজ দুপুর ২টোর পর এই জোড়া মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।