পুবের কলম ওয়েবডেস্কঃ সুপ্রিম কোর্টে এসআইআর মামলায় গুরুত্বপূর্ণ তথ্য সামনে এল। সোমবার দুপুর ১২ টা পর্যন্ত ৫৯ লাখ ১৫ হাজার বিবেচনাধীন ভোটারের নামের নিষ্পত্তি হয়ে গিয়েছে বলে শীর্ষ আদালতকে জানাল কলকাতা হাইকোর্ট। এদিন সুপ্রিম কোর্টকে চিঠি দিয়ে এই তথ্য জানিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। মামলার শুনানিতে ট্রাইব্যুনালের পরিকাঠামো নিয়েও প্রশ্ন ওঠে।
আরও পড়ুন:
ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত চিঠির কথা উল্লেখ করে জানান, মালদা ও মুর্শিদাবাদের সমস্ত নামের নিস্পত্তি হয়ে গিয়েছে।
উল্লেখ্য, এই দুই জেলা থেকে ৮ লক্ষ নামের আপত্তি জমা পড়েছিল। সেই কথা উল্লেখ করে প্রধান বিচারপতি জানান, কোনও কাজ বাকি রাখা হয়নি। একইসঙ্গে, ট্রাইব্যুনালের পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠলেও ট্রাইব্যুনালের ওপরেই আস্থা রেখেছে সুপ্রিম কোর্ট। শুধু তাই নয়, কোন নথি গ্রাহ্য হবে সেকথাও উল্লেখ করেছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, ট্রাইব্যুনাল চাইলে মাধ্যমিকের নথিও দেখতে পারবে।আরও পড়ুন:
এদিকে, প্রথম দফার নির্বাচনের আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে। যদিও ৬০ লক্ষ বিবেচনাধীনের মধ্যে কতগুলি নামের নিষ্পত্তি হয়েছে তা এখনও স্পষ্ট ভাবে জানা যাচ্ছে না। তাছাড়া, ট্রাইব্যুনাল যেহেতু গঠন হয়নি ফলে বাদ যাওয়া ভোটাররা নির্বাচনের আগে কীভাবে নাম তুলবেন তা নিয়েও প্রশ্ন থেকেই যাচ্ছে। এদিন এসআইআর মামলায় নাম বাদ নিয়েও একাধিক প্রশ্ন ওঠে। ট্রাইব্যুনাল নিয়েও আইনজীবীরা একাধিক সমস্যার কথা এদিন শীর্ষ আদালতের সামনে তুলে ধরেন।