পুবের কলম ওয়েব ডেস্ক: হুমকি ও ছিনতাইয়ের অভিযোগকে ঘিরে দায়ের হওয়া মামলায় ভোটের মুখে আপাতত স্বস্তি পেলেন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র কর। তাঁর বিরুদ্ধে এখনই কোনও কঠোর ব্যবস্থা নেওয়া যাবে না বলে নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। তবে মামলার তদন্ত চালিয়ে যেতে পারবে পুলিশ। বৃহস্পতিবার বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায় এই নির্দেশ দেন। আদালতের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই স্বস্তি ফিরেছে শাসক দলের শিবিরে।

গত ৭ এপ্রিল নন্দীগ্রামের কৃষ্ণনগর এলাকার বাসিন্দা বুদ্ধদেব গিরি থানায় অভিযোগ দায়ের করেন পবিত্র করের বিরুদ্ধে।

সেই অভিযোগের ভিত্তিতেই পবিত্র-সহ মোট চার জনের বিরুদ্ধে মামলা রুজু হয়। বুদ্ধদেবের অভিযোগ অনুযায়ী, ৬ এপ্রিল তিনি নিজের বাড়ির কাছে বসে ছিলেন। সেই সময় পবিত্র কর তাঁর অনুগামীদের নিয়ে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় তাঁকে ‘জয় বাংলা’ স্লোগান দিতে বলেন। বুদ্ধদেব স্লোগান দিতে অস্বীকার করলে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। অভিযোগে আরও বলা হয়েছে, সেই সময় বুদ্ধদেবের কাছ থেকে তিন হাজার সাতশো টাকা ছিনিয়ে নেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করেই নন্দীগ্রাম থানায় পবিত্র করের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়।

এর পর ১০ এপ্রিল কলকাতা হাই কোর্টে আবেদন জানান পবিত্র কর। তিনি এফআইআর খারিজের দাবি করেন এবং একই সঙ্গে নিজের জন্য সুরক্ষা চেয়ে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানান। বৃহস্পতিবার বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়ের এজলাসে মামলার শুনানি হয়। শুনানি শেষে আদালত জানিয়ে দেয়, আপাতত পবিত্র করের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না।

উল্লেখ্য, রাজ্যের বিধানসভা নির্বাচনে অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ধরা হচ্ছে নন্দীগ্রামকে। এ বার সেখানে মুখোমুখি হয়েছেন দুই ‘ভূমিপুত্র’—তৃণমূলের পবিত্র কর এবং বিজেপির শুভেন্দু অধিকারী।

নন্দীগ্রামে শুভেন্দুর রাজনৈতিক প্রভাব যতটা দৃঢ়, পবিত্র করের প্রভাবও তার তুলনায় কম নয় বলে মনে করেন অনেকেই।
রাজনৈতিক মহলে পরিচিত মুখ পবিত্র কর একসময় শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত ছিলেন। দুই হাজার একুশের বিধানসভা নির্বাচনের সময় শুভেন্দুর অনুগামী হিসেবে বিজেপিতে যোগ দেন তিনি। তবে প্রায় এক বছরের মধ্যেই সেই রাজনৈতিক পথ থেকে সরে দাঁড়ান এবং কিছু সময় রাজনীতিতে নিষ্ক্রিয় থাকেন। পরে তাঁদের রাজনৈতিক পথ আলাদা হয়ে যায়।

এরপর চলতি বছরের ১৭ মার্চ, তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের কয়েক ঘণ্টা আগে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে দলে যোগ দেন পবিত্র কর। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লড়াইয়ে শাসক শিবির কৌশল হিসেবে পবিত্র করকেই সামনে এনেছে।