পুবের কলম, ওয়েবডেস্ক: নির্বাচন ঘোষণার পর দ্বিতীয়বার বঙ্গ সফরে এসে হলদিয়ার মাটি থেকে পরিবর্তনের ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার হলদিয়ার জনসভা থেকে রাজ্যবাসীর উদ্দেশ্যে একগুচ্ছ প্রতিশ্রুতি বা ‘মোদি গ্যারান্টি’ তুলে ধরেন তিনি। দুর্নীতি থেকে নারী সুরক্ষা এবং সরকারি কর্মচারীদের বেতন কাঠামো— একাধিক ইস্যুতে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ শানিয়ে বিজেপি প্রার্থীদের ভোট দেওয়ার আবেদন জানান প্রধানমন্ত্রী।
হলদিয়ার সভা থেকে মোদি স্পষ্ট জানান, রাজ্যে বিজেপি সরকার গড়লে অগ্রাধিকারের ভিত্তিতে ছ’টি কাজ করা হবে। রাজ্যে ভয়ের পরিবেশ দূর করে ভরসার পরিবেশ ফিরিয়ে আনা এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা।
এদিন হলদিয়ার সভা থেকে প্রধানমন্ত্রী শাসকদলের নেতাদের প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, রাজ্যে দুর্নীতির শেকড় অনেক গভীরে চলে গিয়েছে। তবে বিজেপি সরকার এলে আইন অনুযায়ী বিচার হবে এবং সাধারণ মানুষের টাকা যারা লুট করেছে, তাদের সাজা ভোগ করতেই হবে। মোদি জানান, "দুর্নীতিগ্রস্তদের জেলে যেতেই হবে। আইনই বিচার করবে, কাউকে ছাড়া হবে না।"