পুবের কলম, ওয়েবডেস্ক: আগামী ৪ মে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের হাইভোল্টেজ ভোট গণনা। তার ঠিক ৪৮ ঘণ্টা আগে সুপ্রিম কোর্টে বড়সড় স্বস্তি পেল তৃণমূল কংগ্রেস। গণনা প্রক্রিয়ায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের পাশাপাশি রাজ্য সরকারি কর্মীদেরও শামিল করার যে দাবি শাসক দল জানিয়েছিল, তাতে সিলমোহর দিল শীর্ষ আদালত। শনিবার সুপ্রিম কোর্ট স্পষ্ট জানাল, গণনা প্রক্রিয়ায় কেন্দ্র ও রাজ্যের আধিকারিকদের মিশিয়েই একটি 'পুল' তৈরি করতে হবে।

শনিবার এই সংবেদনশীল মামলার গুরুত্ব বুঝে সুপ্রিম কোর্টে বিচারপতি পি এস নরসিমহা ও বিচারপতি জয়মাল্য বাগচীর একটি বিশেষ বেঞ্চ গঠন করা হয়। তৃণমূলের পক্ষে আদালতে সওয়াল করা হয় যে, শুধুমাত্র একটি নির্দিষ্ট স্তরের (কেন্দ্রীয় সরকারি কর্মচারী) আধিকারিকদের দিয়ে গণনা প্রক্রিয়া পরিচালনা করা যুক্তিযুক্ত নয়। নিরপেক্ষতা বজায় রাখতে রাজ্য ও কেন্দ্রীয়—উভয় ক্যাডারের সমসংখ্যক অফিসার রাখা জরুরি।

উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতিদের বেঞ্চ নির্দেশ দেয়, নির্বাচন কমিশনের নিজস্ব ১৩ এপ্রিলের সার্কুলার অনুযায়ী আধিকারিকদের 'পুল' তৈরি করতে হবে।

ওই সার্কুলারের নিয়ম মেনে কেন্দ্র এবং রাজ্যের অফিসারদের সমন্বয়েই এই পুল গঠন করতে হবে। কমিশন কোনোভাবেই এই নির্দিষ্ট নিয়ম লঙ্ঘন করতে পারবে না। এদিকে সুপ্রিম রায়ে উচ্ছ্বসিত তৃণমূল শিবির। দলের নেতাদের মতে, গণনার স্বচ্ছতা বজায় রাখতেই তাঁরা এই দাবি জানিয়েছিলেন।