পুবের কলম ওয়েব ডেস্কঃ প্রথম দফার ভোট মোটের উপর শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও বীরভূমের লাভপুরে একাধিকবার উত্তেজনা ছড়ায়। সেই অশান্তির জেরে এবার বিষয়টি পৌঁছেছে কলকাতা হাইকোর্টে। ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে জাতীয় তদন্তকারী সংস্থার হস্তক্ষেপ চেয়ে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা।
আরও পড়ুন:
ভোটপর্ব শেষ হতেই লাভপুরের ঘটনার প্রভাব আরও স্পষ্ট হয়েছে। বিজেপি প্রার্থীর উপর হামলার অভিযোগকে কেন্দ্র করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলা দায়ের করা হয়েছে।
মামলায় দাবি করা হয়েছে, পুরো ঘটনার তদন্তভার জাতীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দিতে হবে। আদালত সূত্রে জানা যাচ্ছে, আগামী সপ্তাহেই এই মামলার শুনানি হতে পারে।আরও পড়ুন:
ভোটের দিন সকাল থেকেই লাভপুরে উত্তেজনা ছড়াতে শুরু করে। বিজেপির অভিযোগ, বুথে পৌঁছনোর পরই তাদের প্রার্থী দেবাশিস ওঝাকে ঘিরে ধরে মারধর করা হয়। শুধু তাই নয়, তাঁর গাড়িতেও ভাঙচুর চালানো হয় এবং ধস্তাধস্তির জেরে তাঁর পোশাক ছিঁড়ে যায়।
বিজেপির দাবি, এই হামলা ছিল পূর্বপরিকল্পিত এবং তৃণমূলের কর্মীরাই এর সঙ্গে জড়িত। এছাড়াও অভিযোগ, বোলপুর সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক তথা ওই প্রার্থীর নির্বাচনী এজেন্ট বিশ্বজিৎ মণ্ডলকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়া হয়।আরও পড়ুন:
অন্যদিকে, তৃণমূলের পাল্টা বক্তব্য ভিন্ন। তাদের দাবি, ভোটের শেষ মুহূর্তে দেবাশিস ওঝা ওই বুথে পৌঁছে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করেছিলেন, যার জেরেই উত্তেজনা ছড়ায়। ঘটনার পর থেকেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং প্রথম দফার ভোটে লাভপুর একটি স্পর্শকাতর কেন্দ্রে পরিণত হয়।