পুবের কলম, ওয়েবডেস্ক: ভোটের আবহে ফের কেন্দ্রীয় সংস্থার তৎপরতায় উত্তেজনা ছড়াল কলকাতার রাসবিহারী কেন্দ্রে। শুক্রবার ভোরে আয়কর দফতরের আধিকারিকেরা তল্লাশি চালান রাসবিহারীর বিদায়ী বিধায়ক ও তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়ি এবং একাধিক নির্বাচনী কার্যালয়ে। কলকাতার মনোহরপুকুর রোডে তাঁর বাড়িতে সকাল থেকেই তল্লাশি শুরু হয়। জানা গিয়েছে, সেই সময় বাড়িতেই উপস্থিত ছিলেন দেবাশিস কুমার।

শুধু বাড়ি নয়, তাঁর নির্বাচনী কার্যালয় এবং মতিলাল নেহরু রোডের একটি পার্টি অফিসেও একযোগে অভিযান চালানো হয়।

তল্লাশি ঘিরে ওই সব জায়গায় মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী। কী কারণে এই অভিযান, তা নিয়ে এখনও সরকারি ভাবে কিছু জানানো হয়নি। তবে সম্প্রতি জমি দখল সংক্রান্ত মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট একাধিকবার দেবাশিস কুমারকে তলব করেছিল। সেই ঘটনার পরেই আয়কর দফতরের এই অভিযান রাজনৈতিক মহলে নতুন জল্পনার জন্ম দিয়েছে।

অভিযানের খবর ছড়িয়ে পড়তেই তৃণমূল কর্মী-সমর্থকেরা পার্টি অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন।

তাঁদের অভিযোগ, তালা ভেঙে অফিসে ঢুকে গুরুত্বপূর্ণ নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে এবং নির্বাচনী কৌশল সংক্রান্ত ফাইল বিরোধীদের হাতে তুলে দেওয়ার চেষ্টা চলছে। বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্তের বিরুদ্ধেও স্লোগান তোলেন বিক্ষোভকারীরা।

এই ঘটনার রাজনৈতিক তাৎপর্যও যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ, ভোটের ঠিক আগে বিরোধী দলের প্রার্থীর বাড়িতে কেন্দ্রীয় সংস্থার অভিযান নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, নির্বাচনের আগে কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করে চাপ সৃষ্টি করার কৌশল নেওয়া হচ্ছে। যদিও আয়কর দফতরের তরফে এখনও পর্যন্ত এই অভিযান নিয়ে আনুষ্ঠানিক কোনও বিবৃতি দেওয়া হয়নি।