ওয়াহিদ রেজা: নির্বাচনী প্রচার মানেই সাধারণত মাইকের গর্জন, স্লোগান আর প্রতিশ্রুতির বন্যা। কিন্তু লালগোলা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী চিকিৎসক ডা. আব্দুল আজিজ দেখালেন এক ভিন্ন ছবি। সোমবার সন্ধ্যায় প্রচারের ব্যস্ততার মাঝেই নিজের পেশাগত সত্তাকে প্রাধান্য দিয়ে তিনি নজর কাড়লেন সাধারণ মানুষের। পেশায় শিশুরোগ বিশেষজ্ঞ ডা.আজিজ এদিন সন্ধ্যায় তার নির্বাচনী কার্যালয়ে উপস্থিত ছোট ছোট শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করেন। প্রচারের ক্লান্তি ভুলে অত্যন্ত যত্ন সহকারে তিনি শিশুদের শারীরিক সমস্যার কথা শোনেন এবং প্রয়োজনীয় ওষুধের প্রেসক্রিপশন লিখে দেন।
রাজনীতির ময়দানে লড়াই করলেও, আর্তের সেবায় তার এই মানবিক উদ্যোগ এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।স্থানীয় বাসিন্দাদের মতে, একজন প্রকৃত জনসেবকের উদাহরণ রাখলেন তিনি। সাধারণ মানুষ বলছেন, ভোটের ফলের অপেক্ষায় না থেকে যেভাবে তিনি মানুষের পাশে দাঁড়িয়ে পরিষেবা দিচ্ছেন, তাতে তার প্রতি আস্থা আরও বাড়ছে। ডা.আব্দুল আজিজ নিজেও জানিয়েছেন, আগামীর দিনগুলোতেও লালগোলার মানুষের সেবায় তিনি এভাবেই নিজেকে নিয়োজিত রাখবেন। পেশা আর নেশার এই মেলবন্ধন এখন লালগোলার চর্চার কেন্দ্রবিন্দুতে।