পুবের কলম প্রতিবেদক: বৃহস্পতিবার প্রকাশিত হল ২০২৬ সালের আইসিএসই ( দশম শ্রেণি) এবং আইএসসি ( দ্বাদশ শ্রেণি) পরীক্ষার ফলাফল। এবারেও দুই পরীক্ষাতেই সাফল্যের হার ভাল। আইসিএসই-তে পাশের হার ৯৯.১৮ শতাংশ এবং আইএসসি-তে পাশের হার ৯৯.১৩। এবারের আইএসসি পরীক্ষায় দেশজুড়ে প্রথম পশ্চিমবঙ্গের মেয়ে অনুষ্কা ঘোষ। উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের বাসিন্দা এবং সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশনের এই কৃতি ছাত্রী ৪০০-র মধ্যে ৪০০ নম্বর পেয়ে নজির গড়েছেন।
যদিও চূড়ান্ত মেধাতালিকা অনুযায়ী আরও কয়েকজনের একই নম্বর পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে অনুষ্কার এই সাফল্য বাংলাকে গর্বিত করেছে। আইসিএসসিএসই পরীক্ষায় যেখানে ২,৫৬,৫৯০ জন উত্তীর্ণ, সেখানে ২,১৩১ জন সফল হয়নি। একইভাবে, আইএসসি পরীক্ষায় ১,০২,৪১৪ জন যোগ্যতা অর্জন করলেও, ৯০২ জন উত্তীর্ণ হতে পারেনি।ক্যাটেগরি অনুযায়ী আইসিএসই-তে, সাধারণ শ্রেণির শিক্ষার্থীদের পাশের হার ৯৯.২৬ শতাংশ। এরপর অন্যান্য অনগ্রসর শ্রেণি (৯৯.২৪ শতাংশ), তফসিলি উপজাতি (৯৮.০৭ শতাংশ) এবং তফসিলি জাতি (৯৮.৭৬ শতাংশ) সফল হয়েছে।
আইএসসি-তে সাধারণ শ্রেণির পরীক্ষার্থীরা ৯৯.১৭ শতাংশ, অন্যান্য অনগ্রসর শ্রেণি ৯৯.১২ শতাংশ, তফসিলি জাতি ৯৮.৭৭ শতাংশ এবং তফসিলি উপজাতি ৯৮.৮৪ শতাংশ পাশ করেছে। আইসিএসই পরীক্ষা মোট ৬৭টি লিখিত বিষয়ে হয়, যার মধ্যে রয়েছে ২০টি ভারতীয়, ১৪টি বিদেশি এবং ১টি ধ্রুপদী ভাষা। অন্যদিকে, আইএসসি পরীক্ষা ৪৫টি লিখিত বিষয়ে অনুষ্ঠিত হয়েছে, যার মধ্যে ১৩টি ভারতীয়, ২টি বিদেশী এবং ২টি ধ্রুপদী ভাষা অন্তর্ভুক্ত। পরীক্ষার্থীদের উত্তীর্ণ হতে আইসিএসই দশম শ্রেণিতে ন্যূনতম ৩৩ শতাংশ এবং আইএসসি দ্বাদশ শ্রেণিতে কমপক্ষে ৩৫ শতাংশ সম্মিলিত নম্বর প্রয়োজন। এই ফলাফল সিআইএসসিই-এর অফিসিয়াল ওয়েবসাইট (cisce.org)-এ দেখা যাচ্ছে।