পুবের কলম, ওয়েবডেস্ক: শেষ দফার নির্বাচনে হাইভোল্টেজ বরানগর বিধানসভা কেন্দ্রে সকাল থেকেই চরমে উত্তেজনা। বিজেপি প্রার্থী সজল ঘোষের বিরুদ্ধে ২০টি গাড়ির বিশাল কনভয় নিয়ে বুথে বুথে ঘুরে ভোটারদের ভয় দেখানো এবং ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ তুলল শাসকদল তৃণমূল কংগ্রেস। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূলের ‘হারের আতঙ্ক’কেই দায়ী করেছেন বিজেপি প্রার্থী।
আরও পড়ুন:
শনিবার সকাল থেকেই বরানগরের অলিগলিতে সক্রিয় দেখা যায় সজল ঘোষকে।
তৃণমূলের দাবি, সজল ঘোষ নিয়মনীতিকে বুড়ো আঙুল দেখিয়ে বিশাল গাড়ির বহর নিয়ে এলাকায় ঘুরছেন। এর ফলে সাধারণ ভোটাররা আতঙ্কিত হয়ে পড়ছেন এবং ভোট দিতে বাধা পাচ্ছেন। তৃণমূল শিবিরের পক্ষ থেকে নির্বাচন কমিশনেও এই নিয়ে অভিযোগ জানানো হয়েছে। তাদের দাবি, ভোটারদের প্রভাবিত করতে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করতেই সজল ঘোষ এই পরিকল্পনা করেছেন।আরও পড়ুন:
তৃণমূলের এই অভিযোগকে বিশেষ আমল দিতে নারাজ সজল ঘোষ। মেজাজি ভঙ্গিতে তিনি পাল্টা আক্রমণ শানিয়ে বলেন, "ধমকানো-চমকানো তৃণমূলের কাছে নতুন নাকি! আসলে ওরা হারের হতাশা থেকে এই সব ভিত্তিহীন অভিযোগ করছে। নিশ্চিত পরাজয় বুঝতে পেরেই এখন বাহানা খুঁজছে।" সকাল থেকে ভোটগ্রহণ চললেও সজল ঘোষ ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের অনুগামীদের মধ্যে বচসায় পরিস্থিতি বেশ কয়েকবার উত্তপ্ত হয়ে ওঠে। বাম প্রার্থী সায়নদীপ মিত্রও নজর রাখছেন প্রতিটি বুথে।