পুবের কলম, ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের মীরাটে এক ১৬ বছর বয়সী কিশোরীকে অপহরণ ও গণধর্ষণের অভিযোগে বুধবার দুই অভিযুক্ত গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তরা ওই কিশোরীকে একটি বিয়ের অনুষ্ঠানের জায়গায় নিয়ে গিয়ে গণধর্ষণ করে বলে অভিযোগ।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে ওই কিশোরী পেটে প্রচণ্ড যন্ত্রণার কথা জানালে তার মা তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানেই শারীরিক পরীক্ষার পর চিকিৎসকরা জানান যে, কিশোরী আট মাসের অন্তঃসত্ত্বা।
এই খবর শুনে পরিবারের সদস্যরা স্তম্ভিত হয়ে পড়েন। এরপরই কিশোরী তার পরিবারের কাছে পুরো ঘটনাটি খুলে বলে।আরও পড়ুন:
মেয়ের কথা শোনার পর বুধবারই তার মা স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে কঙ্করখেরা থানার পুলিশ দ্রুত অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেফতার করে।
কঙ্করখেরা থানার এসএইচও জিতেন্দ্র সিং জানিয়েছেন, নির্যাতিতার পরিবার এবং অভিযুক্তরা একে অপরের পূর্ব পরিচিত। অভিযুক্তরা এবং কিশোরীর বাবা-মা একই বিয়ের অনুষ্ঠান কেন্দ্রে কাজ করতেন। লাল মাহমুদপুর রোডে অবস্থিত ওই অনুষ্ঠান কেন্দ্রে কিশোরীকে ভুল বুঝিয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়।আরও পড়ুন:
পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নির্যাতিতা কিশোরীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে এবং তাকে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে কিশোরীর পরিবার।