পুবের কলম ওয়েবডেস্কঃ খারাপ আবহাওয়ার জেরে বিপাকে পড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান। অন্ডাল থেকে কলকাতায় ফেরার পথে তাঁর বিমানের অবতরণে বড়সড় দেরি হয়। বৃহস্পতিবার পাণ্ডবেশ্বর ও দুবরাজপুরে জনসভা সেরে অন্ডাল বিমানবন্দর থেকে বিকেল ৩টা ৩৯ মিনিট নাগাদ রওনা দেন তিনি। কিন্তু দমদমে পৌঁছনোর আগেই আচমকা ঝড়-বৃষ্টি শুরু হওয়ায় সমস্যার মুখে পড়ে বিমানটি।
দেড় ঘণ্টা ধরে চক্কর কাটতে হয় মুখ্যমন্ত্রীর বিমানকে।আরও পড়ুন:
এটিসি সূত্রে জানা গিয়েছে, বিমানে থাকা জ্বালানি দীর্ঘক্ষণ আকাশে ওড়ার মতো পর্যাপ্ত নয়, তাই পরিস্থিতি সামাল দিতে দ্রুত বিকল্প বিমানবন্দরে নামানোর সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছিল। সূত্রের খবর, একাধিক বার মুখ্যমন্ত্রীর বিমানটি অবতরণের চেষ্টা করেছিল। ঝড়ের দাপট কমায় কলকাতা বিমানবন্দরের দিকে এগিয়ে আসে বিমানটি।
প্রসঙ্গত, বুধবার থেকে নির্বাচনী প্রচার শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন উত্তরবঙ্গে একাধিক সভা করেন। পরে আজ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান ও বীরভূমে সভা করে কলকাতায় ফিরছিলেন মমতা। সেই পথে বিমান অবতরণের সময় দেখা দেয় বিপত্তি। প্রসঙ্গত, এর আগে থেকেই হাওয়া দফতর সতর্ক করেছিল, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই পূর্বাভাসই কার্যত সত্যি হয়ে ওঠে। শুক্রবারও দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় কালবৈশাখীর সতর্কতা জারি রয়েছে। ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে, সঙ্গে বজ্রপাত ও শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে। শনিবার পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানের কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা থাকছে। অন্যদিকে কলকাতা-সহ বাকি জেলাগুলিতে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। রবিবার বিকেলের পর ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হওয়ার ইঙ্গিত মিলেছে।