ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ দ্রুত শেষ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার ডোরাল শহরে রিপাবলিকান সমর্থকদের এক সমাবেশে তিনি এই সংঘাতকে ‘স্বল্পমেয়াদী আনন্দভ্রমণ’ বলে উল্লেখ করেন।
ট্রাম্প দাবি করেন, চলমান সামরিক অভিযানে ইরান প্রায় সম্পূর্ণভাবে সামরিক শক্তি হারিয়েছে এবং যুদ্ধ এখন শেষের দিকে এগোচ্ছে।


এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমার মনে হয় যুদ্ধ প্রায় শেষ হয়ে গেছে।

ইরানের এখন কার্যত কোনো নৌবাহিনী নেই, যোগাযোগ ব্যবস্থা নেই এবং তাদের বিমানবাহিনীও প্রায় অকার্যকর।”
মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, এই অভিযান শেষ করার জন্য যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী প্রথমে চার থেকে পাঁচ সপ্তাহের একটি সময়সীমা নির্ধারণ করেছিল। কিন্তু বর্তমান অগ্রগতি সেই সময়সীমার চেয়েও দ্রুত এগোচ্ছে বলে দাবি করেন তিনি।
ট্রাম্পের মতে, ইরানের ড্রোন তৈরির কারখানাগুলো ধ্বংস করা হয়েছে এবং তাদের ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও কার্যত অচল হয়ে পড়েছে।
তবে তিনি সতর্ক করে বলেন, চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র থামবে না।
তিনি বলেন, “আমরা অনেক দিক থেকেই জয় পেয়েছি, কিন্তু এখনও কিছু কাজ বাকি রয়েছে।”


এদিকে যুদ্ধের দশম দিনে ইরানের সর্বোচ্চ নেতা আলি খোমেনির নিহত হওয়ার পর তাঁর ছেলে মোজতবা খোমেনি-কে নতুন নেতা হিসেবে নির্বাচিত করা হয়েছে। এই সিদ্ধান্তকে ট্রাম্প ইরানের একটি ‘বড় ভুল’ বলে মন্তব্য করেছেন।


বর্তমান সংঘাতের মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের বিষয়েও ইঙ্গিত দিয়েছেন তিনি। বিশ্লেষকদের মতে, পরিস্থিতি দীর্ঘায়িত হলে বিশ্ববাজারে তেলের দাম এবং বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে।