পুবের কলম ওয়েবডেস্ক: দেশের বিভিন্ন প্রান্তে ফের বাড়ছে কোভিড সংক্রমণ। এবার তার ছায়া পড়ল পশ্চিমবঙ্গেও। কলকাতায় আগেই দু’জন আক্রান্তের খোঁজ মিলেছিল। এবার একাধিক জেলার পাশাপাশি সংক্রমণের ঘটনা সামনে এল খড়্গপুর আইআইটি এবং পুরুলিয়া সরকারি মেডিক্যাল কলেজে।
আরও পড়ুন:
পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে, খড়গপুর আইআইটি-র এক ২৬ বছর বয়সী ছাত্র কোভিডে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার উপসর্গ দেখা দেওয়ার পর তার নমুনা সংগ্রহ করা হয় এবং বুধবার রিপোর্ট পজিটিভ আসে। ওই ছাত্র বর্তমানে আইআইটি ক্যাম্পাসের বিসি রায় হাসপাতালে ভর্তি রয়েছেন।
আরও পড়ুন:
জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্যশঙ্কর ষড়ঙ্গী জানিয়েছেন, ‘জেলায় সতর্কতা জারি করা হয়েছে।
সাধারণ মানুষকে মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।’ এদিকে, পুরুলিয়া মেডিক্যাল কলেজের এক অধ্যাপক ও তাঁর স্ত্রী কোভিডে আক্রান্ত। সম্প্রতি বেঙ্গালুরু থেকে ফেরার পর উপসর্গ দেখা দিলে পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়ে। আপাতত তাঁরা আইসোলেশনে রয়েছেন। সতর্কতা হিসাবে হাসপাতাল চত্বরে নির্দেশিকা জারি করা হয়েছে।