পুবের কলম, ওয়েবডেস্ক: সোমবার রাতে এক ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকল হরিয়ানার গুরুগ্রাম। গ্লোবাল সোসাইটির সিধরাওয়ালি এলাকায় একটি নির্মীয়মাণ পাঁচিল আচমকা ধসে পড়ায় প্রাণ হারালেন অন্তত সাতজন শ্রমিক। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে।
 
স্থানীয় সূত্রে খবর, সোমবার (৯ মার্চ) সন্ধে আটটা নাগাদ গুরুগ্রামের সিধরাওয়ালি এলাকায় একটি বহুতল আবাসন বা সোসাইটির সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল।

সেই সময় আচমকাই বিশাল ওই পাঁচিলটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। কাজ সেরে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন যে শ্রমিকরা, তাঁরা মুহূর্তের মধ্যে স্তূপের নিচে চাপা পড়েন। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন এবং উদ্ধারকাজে হাত লাগান।
 
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গুরুগ্রাম পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। ধ্বংসস্তূপ সরিয়ে একে একে সাতজনের নিথর দেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, মৃতরা সকলেই নির্মাণ শ্রমিক হিসেবে সেখানে কর্মরত ছিলেন। বাকি আহতদের দ্রুত উদ্ধার করে পার্শ্ববর্তী ভিওয়াড়ির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের মতে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক, ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
 
এদিকে কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা নিয়ে ইতিমধেই প্রশ্ন উঠতে শুরু করেছে। গুরুগ্রাম পুলিশ জানিয়েছে, আমরা ঘটনার তদন্ত শুরু করেছি। নির্মাণে কোনো গাফিলতি ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে।