রাষ্ট্রপতির সাম্প্রতিক উত্তরবঙ্গ সফর ঘিরে প্রোটোকল লঙ্ঘনের অভিযোগ খারিজ করে কেন্দ্রকে বিস্তারিত জবাব পাঠিয়েছে নবান্ন। প্রমাণ্য নথি ও পুরো ঘটনাক্রম তুলে ধরে রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহনের কাছে একটি প্রতিবেদন পাঠিয়েছেন।
গত শনিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আন্তর্জাতিক আদিবাসী ও সাঁওতাল সম্মেলনে যোগ দিতে উত্তরবঙ্গে আসেন। সেই সফরেই প্রোটোকল মানা হয়নি বলে অভিযোগ তুলে চিঠি পাঠায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, যার দায়িত্বে রয়েছেন অমিত শাহ।
আরও পড়ুন:
রাজ্যের প্রতিবেদনে জানানো হয়েছে, সফরের প্রতিটি ধাপে প্রশাসনিক নিয়ম মেনেই ব্যবস্থা নেওয়া হয়েছিল। অনুষ্ঠানস্থল পরিবর্তনের বিষয়টিও আগেই কেন্দ্রকে জানানো হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন উপস্থিত ছিলেন না, তারও ব্যাখ্যা দেওয়া হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাষ্ট্রপতিকে স্বাগত ও বিদায় জানানোর তালিকা আগেই দুই পক্ষের আলোচনার মাধ্যমে নির্ধারিত হয়েছিল এবং সেই তালিকায় মুখ্যমন্ত্রীর নাম ছিল না। তাই কোনও প্রোটোকল লঙ্ঘন হয়নি বলেই দাবি করেছে রাজ্য সরকার।