পুবের কলম ওয়েব ডেস্কঃ বিপুল জয়ের পর আগামী ৯ মে সরকার গড়তে চলেছে বিজেপি। আর সেই সঙ্গে রাইটার্স বিল্ডিংয়েও শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। কারণ নবান্ন থেকে নয়, রাইটার্স বিল্ডিং অর্থাৎ মহাকরণ থেকেই সরকার পরিচালনা করবে বিজেপি। সেই লক্ষ্যেই নতুন সরকারের শপথ গ্রহনের আগে থেকেই মহাকরণে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি।
আরও পড়ুন:
সূত্রের খবর, নতুন সরকার নবান্নের বদলে ঐতিহ্যবাহী মহাকরণ থেকেই প্রশাসনিক কাজকর্ম পরিচালনা করতে চায়। সেই লক্ষ্যেই ভবনের পরিকাঠামো, নিরাপত্তা এবং দপ্তর বণ্টন নিয়ে প্রাথমিক পরিকল্পনা শুরু হয়েছে। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর দপ্তর মহাকরণের কোন অংশে হবে, মন্ত্রীদের বসার জায়গা কোথায় নির্ধারিত হবে এসব নিয়ে প্রশাসনিক মহলে আলোচনা চলছে। ভবনের বর্তমান অবস্থা খতিয়ে দেখতে গণপূর্ত দপ্তরকে পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
পরিদর্শনের পর নিরাপত্তা ব্যবস্থা ও প্রয়োজনীয় সংস্কার নিয়ে পুলিশের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক হতে পারে বলেও প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে। এছাড়াও ভবনের বিভিন্ন অংশ দ্রুত ব্যবহারের উপযোগী করে তুলতে প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষণের কাজের রূপরেখা তৈরি করা হচ্ছে। বিশেষ করে মহাকরণের সামনের অংশ এবং একাধিক দপ্তরকে নতুনভাবে সাজিয়ে প্রশাসনিক ব্যবহারের উপযোগী করার পরিকল্পনা নেওয়া হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে বিস্তারিত নকশাও তৈরি হচ্ছে বলে খবর।আরও পড়ুন:
নির্বাচনের আগেই বিজেপি নেতৃত্ব জানিয়েছিল, ক্ষমতায় এলে তারা নবান্ন থেকে নয়, মহাকরণ থেকেই রাজ্য পরিচালনা করবে। সেই অবস্থান পুনর্ব্যক্ত করে দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, তাঁদের সরকার ঐতিহাসিক এই প্রশাসনিক ভবন থেকেই কাজ শুরু করবে এ কথা আগেই ঘোষণা করা হয়েছিল।