পুবের কলম ওয়েব ডেস্কঃ নতুন সরকার গঠনের পর নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রথম প্রশাসনিক বৈঠক ঘিরে রাজনৈতিক ও আমলাতান্ত্রিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। অথচ বর্তমানে তিনি রাজ্য সরকারের কোনও প্রশাসনিক পদে নেই। তা সত্ত্বেও মুখ্যমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠকে তাঁর উপস্থিতি ঘিরে তৈরি হয় নানা প্রশ্ন ও জল্পনা তৈরি হয়েছিল। তবে সেই জল্পনার অবসান ঘটিয়ে রাজ্যের মুখ্যসচিব করা হল মনোজ আগরওয়ালকে।

এই মর্মে সোমবার নবান্নের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে। 

এদিন নবান্নে প্রথম কর্মদিবসেই একের পর এক উচ্চপর্যায়ের বৈঠক করেন শুভেন্দু। প্রশাসনের শীর্ষকর্তাদের নিয়ে পর্যালোচনা বৈঠকের পাশাপাশি মন্ত্রিসভার বৈঠকও করেন তিনি। পরে জেলাশাসকদের সঙ্গে আলোচনা হয়। এছাড়াও পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের নিয়েও বৈঠকের সূচি ছিল।

এই সমস্ত গুরুত্বপূর্ণ বৈঠকের মধ্যেই মনোজ আগরওয়ালের উপস্থিতি অনেকের নজর কাড়ে।

প্রসঙ্গত, আগামী ২১ মে ফলতায় ফের ভোটগ্রহণ হবে এবং ফল প্রকাশ করা হবে ২৫ মে। আর এখনও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দায়িত্বে রয়েছেন মনোজ। উল্লেখযোগ্য বিষয় হল,  মনোজ আগরওয়ালের চাকরিজীবনের মেয়াদ আগামী ৩১ জুলাই পর্যন্ত। 

এর আগে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার দিনই বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক সুব্রত গুপ্তকে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ করেছিল নবান্ন। ভোটপর্ব শেষ হওয়ার পর কমিশনের দায়িত্ব থেকে অব্যাহতি মিলতেই তাঁকে সরাসরি নবান্নে নিয়ে আসা হয়। আর এবার মনোজকে করা হল মুখ্যসচিব।