পুবের কলম ওয়েব ডেস্কঃ শপথ গ্রহণের পর প্রথম কর্ম দিবসেই বসছে নতুন সরকারের মন্ত্রিসভার বৈঠক। জানা যাচ্ছে, আগামীকাল সোমবার সপ্তাহের প্রথম কর্মদিবসে নবান্নে গিয়ে পরপর তিনটি বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী নিজেই এই বৈঠক ডেকেছেন। উল্লেখ্য, মুখ্যমন্রি হওয়ার পর এই প্রথম নবান্নে যাচ্ছেন শুভেন্দু। 

শনিবার ব্রিগেডে শপথ নেওয়ার পরেই নতুন মুখ্যমন্ত্রী রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন।

সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব থেকে শুরু করে স্বরাষ্ট্র সচিব এবং রাজ্য পুলিশের ডিজি। বৈঠকে তিনি রাজ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন বলে জানা গিয়েছে। পরে বৈঠক শেষে তিনি নিজের বাড়ি কাঁথির উদ্দেশ্যে রওনা দেন। আজ রবিবার তাঁর বাড়ির সামনে নতুন মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে কার্যত জনজোয়ার দেখা যায়। দিনভর বাড়িতে থাকলেও বিকেলেই তিনি কলকাতার উদ্দেশ্যে রওন দেন বলে জানা যায়।
 

সুত্রের খবর, মুখ্যমন্ত্রী যে তিনটি বৈঠক করবেন তার মধ্যে একটি বৈঠক করবেন রাজ্যের শীর্ষ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে। পরে মন্ত্রীদের নিয়ে বৈঠক করতে পারেন। এদিকে, আজ রবিবার মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নবান্নে খতিয়ে দেখীন কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দা। এছাড়াও ছিলেন হাওড়ার পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী। পুরো নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার পর নিরাপত্তা সংক্রান্ত জরুরি বৈঠক করেন পুলিশ কর্তারা।

নবান্নের সভাঘরের নিরাপত্তাও খতিয়ে দেখেন পুলিশ কর্তারা। 

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী সঙ্গে শনিবার আরও ৫ মন্ত্রী শপথ নেন।  দুজনকে উত্তরবং থেকে এবং দক্ষিণবঙ্গ থেকে তিন জনকে মন্ত্রিসভায় জায়গা দেওয়া হয়েছে। যদিও এখনও তাঁদের দফতর বন্টন করা হয়নি। এখন নবান্নে বৈঠকে নতুন মুখ্যমন্ত্রী কী বার্তা দেন সেটাই দেখার।