পুবের কলম, ওয়েবডেস্ক: এসআইআর ইস্যুতে চলা মামলার শুনানিতে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত। তিনি জানান, কোনও ভোটারের সমস্যা ভোটের আগের দিন পর্যন্ত মিটে গেলে তিনিও ভোট দেওয়ার অধিকার পাবেন।
 
শুনানিতে জানানো হয়, বিবেচনাধীন প্রায় ৬০ লক্ষ ভোটারের মধ্যে এখন পর্যন্ত প্রায় ১০ লক্ষের নিষ্পত্তি হয়েছে। এই তথ্য আদালতে তুলে ধরেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি।

তবে আইনজীবী মেনকা গুরুস্বামী দাবি করেন, প্রকৃতপক্ষে নিষ্পত্তি হয়েছে প্রায় ৭ লক্ষ এবং এখনও বিপুল সংখ্যক আবেদন বাকি রয়েছে।
 
প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগ বৈধ ভোটারদের তালিকায় যুক্ত করার লক্ষ্য নিয়েই কাজ করছে। তাই বিচারিক আধিকারিকদের কাজ নিয়ে অযথা প্রশ্ন তোলা উচিত নয়। কেউ এমন করলে তার বিরুদ্ধে কঠোর জরিমানার ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও সতর্ক করেন তিনি।
 
এছাড়া তিনি জানান, প্রয়োজন হলে হাইকোর্টের প্রধান বিচারপতি অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে পারেন, যেখানে বিচারিক আধিকারিকদের সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করা যাবে।