পুবের কলম, ওয়েবডেস্ক: ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি মহাদেবনের বেঞ্চ জানায়, যেসব আবেদন ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির ক্ষেত্রে বাতিল হয়েছে, সেগুলোর আপিল শুনতে একটি বিশেষ আপিল ট্রাইব্যুনাল গঠন করতে হবে। আদালতের নির্দেশ অনুযায়ী, এই ট্রাইব্যুনালের নেতৃত্বে থাকবেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি অথবা অন্য কোনও প্রাক্তন বিচারপতি। প্রয়োজন হলে পাশের রাজ্যের হাইকোর্টের প্রাক্তন বিচারপতিদেরও অন্তর্ভুক্ত করা যেতে পারে। বেঞ্চে কতজন সদস্য থাকবেন, তা ঠিক করবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি।


 
সুপ্রিম কোর্টে জানানো হয়েছে, ৯ মার্চ পর্যন্ত প্রায় ১০ লক্ষ ১৬ হাজার নামের নিষ্পত্তি হয়েছে। তবে যেসব ক্ষেত্রে তথ্যগত অসঙ্গতি রয়েছে, সেগুলোর অতিরিক্ত তালিকাও প্রকাশ করতে হবে।
 
আদালত নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে বিচারিক আধিকারিকদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করতে। পাশাপাশি রাজ্য সরকারকে তাঁদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাইব্যুনাল পরিচালনার সমস্ত খরচ নির্বাচন কমিশনকেই বহন করতে হবে।