পুবের কলম, কলকাতা: রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার প্রাক্কালে কঠোর বার্তা দিল নির্বাচন কমিশন। মঙ্গলবার কলকাতায় দু'দিনের বৈঠক শেষে মুখ্য নির্বাচন কমিশনার (CEC) জ্ঞানেশ কুমার সাফ জানিয়ে দিলেন, নির্বাচনের কাজে যুক্ত সরকারি আধিকারিকরা যদি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কাজ করেন বা ‘দলদাসে’র ভূমিকা পালন করেন, তবে তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ করা হবে।
কত দফায় ভোট হবে, তা নিয়ে দীর্ঘদিনের জল্পনার আবহে সিইসি জানিয়েছেন, সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। রাজ্যের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর ভিত্তি করেই চূড়ান্ত করা হবে ভোটের দফা।
নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সিইসি এদিন ছিলেন অত্যন্ত স্পষ্ট। তিনি জানিয়েছেন, নির্বাচনী প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম বা ভয় দেখানোর অভিযোগ উঠলে কমিশন ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করবে। কোনো সরকারি কর্মী বা আধিকারিক যদি পক্ষপাতমূলক আচরণ করেন, তবে তাঁদের বিরুদ্ধে তাৎক্ষণিক ও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।"