পুবের কলম প্রতিবেদক, নদিয়া: সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যাওয়ার আগে বিএসএফের-এর হাতে ধরা পড়ল এক আফগান নাগরিক। সূত্রের খবর, সোমবার রাতে হাঁসখালি থানার ফতেপুর ভারত বাংলাদেশ সীমান্তে টহলদারি চালানোর সময় বি এস এফ জওয়ানরা খেয়াল করেন এক ব্যক্তি ফেন্সিং পেরিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছে, আর এর পরই বিএসএফ ওই ব্যক্তিকে আটক করে। পরে তাকে হাঁসখালি পুলিসের হাতে তুলে দেয় বিএসএফ ।

পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তি আলিজআহি মোসাফির আফগানিস্তানের বাসিন্দা, তার কাছে ভারতে আসার কোনো বৈধ কাগজ ছিল না। আর এর পরই তাকে গ্রেফতার করে পুলিশ। তবে কি উদ্দেশ্যে সে বেআইনি ভাবে ভারতে এসেছিল ও কোথায় আত্মগোপন করেছিল তা জানতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মঙ্গলবার ধৃত ওই আফগানিস্তানের বাসিন্দাকে রানাঘাট আদালতে পাঠিয়েছে হাঁসখালি থানার পুলিশ।