পুবের কলম, ওয়েবডেস্ক: ইরানের সঙ্গে সম্ভাব্য সংঘাতের আশঙ্কার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর অভ্যন্তরে বাড়ছে তীব্র অসন্তোষ। প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধে অংশ নিতে অনিচ্ছুক এমন মার্কিন সেনাদের কাছ থেকে অলাভজনক সংস্থা ‘সেন্টার অন কনশিয়েনশস অ্যান্ড ওয়ার’-এ প্রতিনিয়ত অসংখ্য ফোন কল আসছে। সেনারা সরাসরি জানিয়েছেন, তারা ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে অংশ নিতে চান না।
সেনাবাহিনীতে যোগ দিতে বা যুদ্ধে যেতে অনিচ্ছুক ব্যক্তিদের সহায়তা করে থাকে ‘সেন্টার অন কনশিয়েনশস অ্যান্ড ওয়ার’। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মাইক প্রাইজনার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানিয়েছেন, তাদের কাছে ফোন আসা থামছে না। প্রাইজনারের মতে, সাধারণ জনগণের কাছে সরকারিভাবে যা বলা হচ্ছে, বাস্তবে তার চেয়ে অনেক বেশি সেনা ইউনিটকে যুদ্ধক্ষেত্রে মোতায়েনের জন্য প্রস্তুত করা হচ্ছে।