পুবের কলম, ওয়েবডেস্ক: বাণিজ্যিক গ্যাসের জোগানে টান পড়ায় মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইতে প্রায় ২০ শতাংশ হোটেল ও রেস্তরাঁ বন্ধ হয়ে গেছে বলে দাবি করেছে হোটেল-রেস্তরাঁ সংগঠন ‘আহার’। সংগঠনের মতে, গ্যাস সরবরাহ দ্রুত স্বাভাবিক না হলে আগামী দু’দিনের মধ্যে শহরের প্রায় ৫০ শতাংশ রেস্তরাঁ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
 
শুধু মুম্বই নয়, দেশের আরও কয়েকটি শহরেও বাণিজ্যিক গ্যাসের জোগান ব্যাহত হয়েছে। এর প্রভাব সবচেয়ে বেশি পড়েছে হোটেল ও রেস্তরাঁ ব্যবসায়। পরিস্থিতি পর্যালোচনা করতে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক একটি বিশেষ কমিটি গঠন করেছে।


 
বিশ্ববাজারে অস্থিরতারও প্রভাব পড়েছে গ্যাস সরবরাহে। বিশেষ করে হরমুজ প্রণালি এলাকায় উত্তেজনার কারণে তেল ও গ্যাসবাহী জাহাজ চলাচল ব্যাহত হয়েছে বলে জানা গেছে। ভারতের জ্বালানির বড় অংশ পশ্চিম এশিয়া থেকে আসে, ফলে সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে সরকারি সূত্র জানিয়েছে, দেশে পর্যাপ্ত তেল ও গ্যাস মজুত রয়েছে। অনেক রেস্তরাঁ গ্যাস বাঁচাতে আপাতত কিছু খাবার রান্না বন্ধ রেখেছে।